গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত এক দিনে চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন করে—মোট ২৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (১৭ জন)।
এ ছাড়া উল্লেখিত সময়ে ময়মনসিংহ বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


