ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বন্দর কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির ধারাবাহিকতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এই মহাপরিকল্পনার অংশ হিসেবে বন্দরের আওতাধীন সব খালি জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ ১৬ জুলাই বন্দরের নবনির্মিত অত্যাধুনিক ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’-এর সামনে ফুলের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

চারা রোপণ শেষে বন্দর চেয়ারম্যান বলেন, সবুজ ও পরিবেশবান্ধব বন্দর গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা সফল করতে বন্দরের প্রতিটি খালি জায়গাকে সবুজে বেষ্টিত করা হবে। শুধু চারা রোপণই নয়, এগুলো যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই সবুজায়ন প্রকল্প পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বন্দরের আশপাশের এলাকায় একটি সুস্থ ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সব বোর্ড সদস্য, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।