ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

হবিগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৯:২১ পিএম
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (সন্ধ্যা) প্রায় সাড়ে ৬টার দিকে জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দ্রুতগতিতে চলা তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে দ্রুত হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন পাহাড়পুর গ্রামের অন্তর, আমিরখানী গ্রামের তানভীর এবং একই গ্রামের আবিদুল লস্কর।

আহত দুইজন হলেন শেখেরগাঁও গ্রামের সাহিদুল ইসলাম বাচ্চু এবং থৈগাঁও গ্রামের মো. মিজান মিয়া। তারা দুজনই বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশে কর্মরত।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।