ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

প্রাইভেটকারে মিলল ৮০ হাজার ইয়াবা, আটক ২

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি বেগমগঞ্জ থানার ইতিহাসে উদ্ধার হওয়া সবচেয়ে বড় মাদকের চালান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেলের নেতৃত্বে এসআই খোরশেদ আলম, এসআই আব্দুর রহমান, এএসআই জালাল, এএসআই আবুল হোসেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্য ছিল কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি প্রাইভেটকারে করে বেগমগঞ্জের চৌমুহনী এলাকার সেভেন স্টার আবাসিক হোটেলে অবস্থান করছে কয়েকজন মাদক কারবারি। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি কালো রঙের প্রাইভেটকার জব্দ করে।

এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে গাড়িটির ডান পাশের পেছনের দরজার বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি বেগমগঞ্জ থানায় এ পর্যন্ত উদ্ধার হওয়া সবচেয়ে বড় মাদকের চালান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, দীর্ঘ সময়ের গোয়েন্দা তৎপরতা ও রাতভর পরিশ্রমের ফল হিসেবে এই বড় মাদকের চালান উদ্ধার সম্ভব হয়েছে। বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল এবং এএসআই জালালের তৎপরতায় অভিযানটি সফল হয়েছে বলে জানান তারা।