সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলীতে মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তিনি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জেলা পরিষদ দুর্যোগ মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ সময় জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

