মৌলভীবাজারের কমলগঞ্জে সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে যৌথ অভিযান চালিয়েছে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানে রাজকান্দি বন রেঞ্জের অধীন আদমপুর বনবিটের কালিঞ্জি বসতি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করা প্রায় ৫ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা জমি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং কমলগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজকান্দি বনরেঞ্জ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনভূমি দখল করে সেখানে মাল্টা, আনারস, লেবু ও সুপারির বাগানসহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক চাষাবাদ করে আসছিল। অভিযানে এসব অবৈধ চাষাবাদ উচ্ছেদ করে দখলকৃত বনভূমি উদ্ধার করা হয়। অভিযানকালে বনভূমিতে নির্মিত দুটি বাঁশ ও পলিথিনের শেড এবং একটি ওয়াচার শেড ভেঙে ফেলা হয়। এ ছাড়া সংরক্ষিত বনাঞ্চলের একটি প্রাকৃতিক জলাশয়ে বাঁধ দিয়ে তৈরি করা অবৈধ পুকুরের পাড় কেটে দেওয়া হয়। এতে জলাশয়ের স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি, বন্যপ্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। উদ্ধার করা জমিতে ভবিষ্যতে বন সৃজনের উদ্যোগ নেওয়া হবে এবং নতুন করে দখল ঠেকাতে নিয়মিত নজরদারি বাড়ানো হবে।
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া বলেন, ‘অভিযানে উদ্ধার করা বনভূমি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত বন আইন অনুযায়ী পিওআর (চঙজ) বন মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’ তিনি আরও জানান, দখলমুক্ত এলাকায় ‘পাঁচ বছরে ২৫ কোটি’ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বন সৃজন করা হবে। পরিবেশবিদদের মতে, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করার এ ধরনের উদ্যোগ বন সংরক্ষণ, জলাধার রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

