নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাইয়ের আন্দোলন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই শহিদ স্মরণে’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন ডা. বুলবুল কবির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল। আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘জুলাইয়ের আন্দোলনে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তাদের আত্মত্যাগ দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’ তিনি আরও বলেন, ‘নরসিংদীতেও আন্দোলনে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। এ আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ রাখবে।’ এ সময় তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, ‘যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদ পরিবারের পাশে জেলা প্রশাসন সব সময় থাকার চেষ্টা করবে।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মোতাহার হোসেন অনিক।

