এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের বিল আগামী ২১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মাউশির জারি করা এক চিঠিতে দেশের সব স্কুল ও কলেজের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রদান করা হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানপ্রধানকে নিজ প্রতিষ্ঠানের এমপিও-সংক্রান্ত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস (EMIS) সিস্টেমের এমপিও শিট মডিউলে লগইন করে বেতন বিল জমা দিতে হবে।
এতে আরও বলা হয়েছে, প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিও ভাতা ও বেতনের তথ্য সঠিকভাবে নির্ধারণ করে পৃথকভাবে বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হবে।
মাউশি সতর্ক করে জানিয়েছে, বেতন বিলে ভুল তথ্য দেওয়া হলে বা তার কারণে কোনো শিক্ষক-কর্মচারী এমপিওর অর্থ না পেলে কিংবা অতিরিক্ত অর্থ পেয়ে গেলে তার সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। কোনো কারণে অতিরিক্ত অর্থ প্রদান হলে তা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
এ ছাড়া, বর্তমানে শুধুমাত্র আইবাসে (iBAS++) তথ্য যাচাই সম্পন্ন হওয়া বৈধ (ভ্যালিড) জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্যে এখনও ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে পরবর্তীতে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে।
সবশেষে মাউশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বেতনের বিল জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে।

