ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

নদীতে পড়ে নিখোঁজ রবিউলের মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০১:১৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যাওয়া রবিউল ইসলামের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিউল ইসলাম উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে।

রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নদীতে মরদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় জমায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌকায় নদী পারাপারের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে নদীতে পড়ে যান।

তালা থানার ওসি মো.শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাটে নৌকায় কপোতাক্ষ নদ পারাপারের সময় রবিউল ইসলাম অসুস্থ হয়ে নদীতে পড়ে যান। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করলেও তখন কোনো সন্ধান মেলেনি।

পাইকগাছা নৌ পুলিশের ইনচার্জ রবিউল ইসলাম জানান, খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। পরিবার ও ইউপি চেয়ারম্যান-মেম্বারের আপত্তি না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।