কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় কুষ্টিয়া শহরের মোল্লাতেঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালক কুষ্টিয়ার লাহিনী পশ্চিমপাড়া মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আনোয়ারুল (৪৫)। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মোটরসাইকেল চালক আনোয়ারুল শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে ট্রাকটি চলে যায়।
পরে পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক আনে।
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের একটি সূত্র জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


