ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

জুড়ী থানায় সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করলেন এমপি মিঠু

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:১৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জুড়ী থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে জুড়ী থানায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ সংঘটনের ঘটনা দ্রুত শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থা জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএনপি নেতা নাজমুল ইসলাম, মামুনুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।