ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নন্দীগ্রামে দুর্যোগে তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

 বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্র পরিবারে তাৎক্ষণিক সহায়তায় জরুরি খাদ্য সংকট দূর করতে সরকারের মানবিক উদ্যোগের সন্তুষ্টি প্রকাশ করেছেন উপকারভোগীরা। এরইমধ্যে উপজেলার শতাধিক পরিবার বিনা মূল্যে শুকনো খাবার পেয়েছে। জেলা প্রশাসন থেকে আরও খাদ্য সহায়তা বরাদ্দের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। 

গতকাল সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের নিয়মিত খোঁজখবর রাখছেন ইউএনও শারমিন আরা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 

মন্ত্রণালয় প্রদত্ত খাদ্যের প্রতিটি প্যাকেজে রয়েছে ১০ কেজি চাল, দেশীয় মসুর ডাল, লবন, চিনি, তেল, মরিচের গুঁড়া, হলুদ ও ধনিয়া গুঁড়া।

গত অর্থবছরের বরাদ্দে উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান ১৫টি করে শুকনো খাবারের ৭৫টি প্যাকেট বরাদ্দ পেয়েছে। বুড়ইল, সদর, ভাটরা, থালতা মাঝগ্রাম ও ভাটগ্রাম ইউনিয়নের অসহায় জনগোষ্ঠীর জন্য উপজেলা প্রশাসনের সংরক্ষিত আরও ৭৫ প্যাকেট বিতরণ করা হয়েছে। যেকোনো দুর্যোগে জরুরি খাদ্যসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানানো হয়েছে।

থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, ক্যানসার রোগী, প্রতিবন্ধী, বিদ্যুৎস্পর্শে গুরুতর অসুস্থ, বিধবাসহ খাদ্য সংকটে থাকা পরিবারে শুকনো খাবার পৌঁছে দিয়েছি। উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত খাদ্য সহায়তা সঠিকভাবে বিতরণ করা হচ্ছে।

এ প্রসঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় যেকোনো পরিস্থিতিতে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। সরকারি উদ্যোগের পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের মানবিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া আছে।