ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার হার সইতে না পেরে যুবকের আত্মহত্যা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:৩৫ এএম

পছন্দের দল আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুমন (৩০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলোদাগ চাষি ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই এলাকার আফজাল সরদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। তার পাঁচ বছর বয়সি একটি ছেলে ও দুই বছর বয়সি একটি মেয়ে রয়েছে।

ভেড়ামারা থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আর্জেন্টিনার সমর্থক সুমনের আয়োজনে রোববার রাতে তার বাড়ির সামনে খিচুড়ি রান্না করে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখেন। খেলা শেষে ভোর ৫টার দিকে তিনি বাড়িতে ফেরেন। পরে তার স্ত্রী শোবার ঘরের দরজা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা পর সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, একই ঘরের ধরনার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে আছেন সুমন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জাহেদুর রহমান জানান, এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।