ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চৌগাছায় সড়কে ট্রাকচাপায় সেলুনকর্মী নিহত

চৌগাছা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১২:১৬ পিএম
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় সড়কে ট্রাকচাপায় কেষ্ট দাস (৪০) নামে এক সেলুনকর্মী নিহত হয়েছেন। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের পুলিন দাসের ছেলে।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার পরে উপজেলার চাঁদপাড়া বাজারে নিজের সেলুনের দোকান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি কলেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক (যার নম্বর চুয়াডাঙ্গা-ট-১১-০৯১৬) বাইসাইকেলটিকে ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং ট্রাকচালক পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টা ৫০ মিনিটের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।