ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘ প্রায় দুই মাস পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগ দিয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসক ডা. তানসিভ জুবায়ের। রোববার (১৯ জুলাই) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০ মে পূর্ববর্তী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদলি হওয়ার পর থেকে পদটি শূন্য ছিল। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হলেও ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও) ক্ষমতা না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়।

দায়িত্ব গ্রহণের পর ডা. তানসিভ জুবায়ের বলেন, হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। জনগণের দোরগোড়ায় উন্নত, মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।

এর আগে তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি 'শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন এবং তৎকালীন প্রধানমন্ত্রীর হাত থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেন।

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডা. তানসিভ জুবায়েরের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং সাধারণ মানুষ আরও উন্নত, কার্যকর ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।