কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, তথ্যনির্ভর যুক্তি ও বিশ্লেষণধর্মী উপস্থাপনা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়। একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী সুপ্রিয়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী অংশ নেন। তারা দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে যুক্তি উপস্থাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুন্নাহার।
বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তামান্না দিলশাদ রিমি। মডারেটর ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক তরীকুল হাসান শাহীন।
প্রথম পর্বে ‘দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন নয়, নৈতিক শিক্ষাই বেশি কার্যকর’—বিষয়ের পক্ষে ও বিপক্ষে আটটি দল যুক্তিতর্ক উপস্থাপন করে। এক পক্ষ পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবিক চর্চার ওপর গুরুত্বারোপ করে, অন্য পক্ষ কঠোর আইন প্রয়োগ, শাস্তির নিশ্চয়তা এবং কার্যকর বিচারব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে। প্রাণবন্ত যুক্তি-পাল্টা যুক্তিতে প্রতিযোগিতা উপভোগ্য হয়ে ওঠে।
এ পর্ব শেষে চারটি দল সেমিফাইনালে ওঠে। সেখানে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলেই দুর্নীতি কমবে’—বিষয়ে বিতার্কিকরা সরকারি-বেসরকারি সব পর্যায়ে জবাবদিহিতা, তথ্যের উন্মুক্ততা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরেন। সেখান থেকে দুটি দল ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনালে মুখোমুখি হয় হোসেন্দী উচ্চ বিদ্যালয় ও আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয়। ‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন আইনি ব্যবস্থার চেয়ে অধিক কার্যকর’—বিষয়ের পক্ষে ও বিপক্ষে দুই দলের শিক্ষার্থীরা সামাজিক সচেতনতা, জনসম্পৃক্ততা, আইনের শাসন এবং রাষ্ট্রীয় ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে যুক্তি উপস্থাপন করেন। তাদের আত্মবিশ্বাসী ও তথ্যসমৃদ্ধ উপস্থাপনা অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শকদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শৈশব থেকেই সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। চ্যাম্পিয়ন আসিয়া বারি আদর্শ উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।

