ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৯:৪৪ পিএম
অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। ছবি : সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের দুই জনপ্রিয় তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে। প্রেম, বিচ্ছেদ এবং একটি হোটেলে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম সিয়াসাত ডটকমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় তিন বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী চলচ্চিত্রের এক অভিনেত্রী ও এক অভিনেতা-গায়ক। এমনকি তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে অভিনেতার অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণে বিরক্ত হয়ে সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

প্রতিবেদনে আরও বলা হয়, বিচ্ছেদের আগে চেন্নাইয়ের একটি বিলাসবহুল হোটেলে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিনেত্রী অভিনেতাকে জুতা দিয়ে আঘাত করেন বলেও দাবি করা হয়েছে।

ঘটনার পর অভিনেত্রী ইনস্টাগ্রামে অভিনেতাকে আনফলো করেন বলে জানা যায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। বিভিন্ন সূত্র ও অনলাইন জল্পনার ভিত্তিতে সম্ভাব্য তারকা জুটি হিসেবে দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন এবং অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের নাম সামনে আসে।

সম্প্রতি অনুপমা পরমেশ্বরন ইনস্টাগ্রামে ধ্রুব বিক্রমকে আনফলো করেছেন বলে দাবি করা হয়। একই সময়ে তিনি নিজের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এতগুলো ছবি পোস্ট করার জন্য দুঃখিত। গান বাছাই বা ক্যাপশনের জন্য যখন অনুমতির অপেক্ষা করতে হয় না, তখন পোস্ট করাটা আরও অনেক বেশি মজার হয়ে ওঠে।’ এই পোস্টও নতুন করে গুঞ্জনের জন্ম দেয়।

তবে এখন পর্যন্ত অনুপমা পরমেশ্বরন বা ধ্রুব বিক্রম—কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্ক, বিচ্ছেদ কিংবা কথিত হোটেলকাণ্ডের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। বিষয়টি এখনো বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ।

উল্লেখ্য, অনুপমা পরমেশ্বরন ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথম সিনেমা থেকেই দর্শকের নজর কাড়েন তিনি। পরে একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।