ভারি বৃষ্টিতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী গ্রামে রাস্তার ওপর নির্মিত ব্রিজটি ভেঙে পড়ায় মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১০ দিন পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজটি সংস্কারের উদ্যোগ গ্রহণ না করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়কের ওপর থাকা ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি তাদের।
স্থানীয়রা জানান, কয়েক যুগ আগে দোগাছিয়া সালামিতের বিল ও সাজিয়ালী বাঁওড়ের পানি নিষ্কাশনের জন্য সরকারিভাবে খাল খনন করা হয়। সাজিয়ালী গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করা হয়। দুই বছর আগে খালটি পুনরায় খনন করা হয়। খাল খননের সময় পুরোনো ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। গত ১০ জুলাই ভারি বৃষ্টির পানির স্রোতের কারণে ব্রিজটি ভেঙে পড়ে। কিন্তু আজ পর্যন্ত ব্রিজটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, ২৫-২৬ বছর আগে চলাচলের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এই ব্রিজটি দিয়ে প্রতিদিন বিভিন্ন গ্রামের মানুষ চলাচল করে। এছাড়া সাজিয়ালী পুলিশ ক্যাম্পে যাতায়াতের একমাত্র সড়কও এটি। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে লোকজনকে বিকল্প ও দীর্ঘ রাস্তা ব্যবহার করে চলাচল করতে হচ্ছে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। আবার অতিরিক্ত খরচও বেড়েছে।
সবজি চাষি মিন্টু গাজী জানান, ব্রিজটি ভেঙে পড়ায় মাঠ থেকে সবজি নিয়ে বাজারে যেতে অনেক কষ্ট হচ্ছে। এছাড়াও ইজিবাইক ও অটোরিকশা চালকেরা বেকায়দায় পড়েছেন। তারা তাদের গাড়ি বাড়িতে নিতে পারছেন না।
স্থানীয় ইজিবাইক চালকেরা বলেন, অতিরিক্ত বৃষ্টিতে ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। এখন যাত্রী পরিবহনে চরম সমস্যা হচ্ছে। আমরা দ্রুত এই ব্রিজটি মেরামতের দাবি জানাই।
চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন জানান, বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। খুব শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদী।


