ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ৮৯৬৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। গণভোটে 'হ্যাঁ' জয় পেয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত নির্বাচনের ফলাফলে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন পেয়েছেন ৭৪ হাজার ৪৭৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ পেয়েছেন ৬৫ হাজার ৫১৩ ভোট। দশ দলীয় জোটের নেজামে ইসলামী পার্টির বই প্রতীকের প্রার্থী মাওলানা আবু তাহের খান পেয়েছেন ২৫ হাজার ২৩৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি শরীফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬৮৮ ভোট ও বাসদ (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী এ কে এম আরিফুল হাসান পেয়েছেন ৩৩৪ ভোট।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার ৯২টি ভোটকেন্দ্রের ৬০৮টি বুথে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ৭২ হাজার ৮৪৭টি, যা মোট ভোটের ৫৮.৪৬ শতাংশ।ৰ
গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ২ হাজার ৪৬৬ ভোট ও ‘না’ পেয়েছে ৪২ হাজার ৪২৮।
উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ৭৭৯ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ৪৮৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

