যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক শিশুকে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কলের পর দ্রুত চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১৩ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, আজ সকাল ১১টায় এক নারী তার ১৪ মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে বরিশাল থেকে ‘কর্ণফুলী-১০’ নামের যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। লঞ্চটি দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে এবং সে সংকটাপন্ন হয়ে পড়ে।
এ সময় শিশুটির মা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
পরবর্তীতে কোস্ট গার্ডের যানবাহনে শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে বলে জানা গেছে।

