ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে আটক ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় মাদকবিরোধী অভিযানে ১০জন মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এর আগে শনিবার রাতে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকবিরোধী কমিটির সদস্যরা তাদের আটক করেন। পরে আটক ব্যক্তিদের মাদকবিরোধী কমিটির সভাপতি শহীদুল ইসলামের পাড়াটঙ্গী বসতবাড়ির প্রধান ফটকের সঙ্গে বেঁধে রাখা হয়। 

সাজাপ্রাপ্তরা হলেন, প্রশান্ত চৌহান (২৮), নূর হাবিব (৩০), আসাদুজ্জামান বাবু (২২), শামীমুল ইসলাম শামীম (৩১), মো. সোহাগ (২৫), মো.হাসমত আলী(৪২), রাজীব আলী (২৫), সুজন মিয়া(৩২), তারা মিয়া (৬৭) ও নাজমুল ইসলাম রাজু (৩০)। আদালতের আদেশ অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কৃষ্ণ চন্দ্র বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। মাদকের বিরুদ্ধে আমাদের সংসদ সদস্য জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিত চলছে। স্থানীয় জনগণ ও মাদকবিরোধী কমিটির সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।