ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের অভ্র

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০১:৫৮ এএম
ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরে অনুষ্ঠিত সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড চ্যালেঞ্জ (সিমক) ২০২৬-এর আন্তর্জাতিক পর্বে গণিত মাস্টারমাইন্ড চ্যালেঞ্জ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থী রেডওয়ান কবির (অভ্র)।

জাতীয় পর্বে সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের সুযোগ পায় অভ্র। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৪০টি দেশের প্রায় ১ হাজার ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীরাই এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

অভ্রের এই আন্তর্জাতিক সাফল্যে তার পরিবার আনন্দ ও গর্ব প্রকাশ করেছে। অভ্রের বাবা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ কবির মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও কৃতজ্ঞতার মুহূর্ত।

তিনি প্রতিযোগিতার আয়োজক, বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ তানভীরুল হক, সংশ্লিষ্ট আন্তর্জাতিক অলিম্পিয়াড কর্তৃপক্ষ, অভ্রের শিক্ষকমণ্ডলী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন অভ্রের মা খালেদা ইয়াসমিন রূপা।

অভ্রের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে রেডওয়ান কবির (অভ্র)।