নৈতিক পতন প্রমাণিত হওয়ায় সংগঠন থেকে বহিষ্কারের পর এবার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২২ জুলাই) সংগঠনটির সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজিবুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের জন্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ধারা ১২(১) এবং সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্য পদ বাতিলের কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১২(১) ধারায় সংসদ সদস্য থাকার অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে। ওই ধারায় উল্লেখ রয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত না হলে বা স্বতন্ত্র প্রার্থী হওয়ার শর্ত পূরণ করতে না পারলে তাঁর সংসদ সদস্য পদ থাকবে না।
জামায়াতের এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেসব বিষয়ের ভিত্তিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে তাঁর নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য পদও হারাবেন কি না, তা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জামায়াত।

