বাংলাদেশ সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট এবং আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে।
বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশ সরকার হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের পদক্ষেপ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যের স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি সৃষ্টি করে।
নৌ-চলাচলের স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ বলেছে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (আনক্লস) অনুযায়ী লোহিত সাগরসহ আন্তর্জাতিক সমুদ্রপথে বৈধ ও বাধাহীন নৌ-চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র মন্ত্রণালয় বৈশ্বিক অর্থনীতির জন্য লোহিত সাগরের গুরুত্ব তুলে ধরে একে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে উল্লেখ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ করিডোর লোহিত সাগরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বের মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি ডেকে আনবে।’
এ প্রেক্ষাপটে বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী সব নাবিক ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
ঢাকা সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে—এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া, পরিস্থিতির আরও অবনতি রোধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমেই সংঘাতের টেকসই সমাধান সম্ভব।

