ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বরবাদের পর ‘নিঃস্ব’ হতে চলেছে শাকিব খান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১১:০১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত নতুন সিনেমা ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘নিঃস্ব’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

গত বছর একই পরিচালকের ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের উপস্থিতি দর্শক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই ধারাবাহিকতায় একই টিম আবার নতুন প্রজেক্ট নিয়ে ফিরছে, যা নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্রাঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

জানা গেছে, নতুন সিনেমাটির নাম ‘নিঃস্ব’। এতে চুক্তিবদ্ধ হয়ে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। তবে সিনেমাটির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি ২০২৭ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হয়েছে। অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিত এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী অক্টোবর থেকে।

গত ২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেদিনই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর পরিচালক ও প্রযোজকের সঙ্গে একটি গ্রুপ ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি।

এদিকে, শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটি আজ ২২ জুলাই রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে স্ট্রিমিং৮য়ের জন্য উন্মুক্ত করা হচ্ছে।