কুষ্টিয়ার কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে পাঁচ বছরের এক শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত কিশোর ইয়াসিনকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ইয়াসিন কয়া ইউনিয়নের কয়া মধ্যপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্থানীয় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল দুই শিশু। পথে অভিযুক্ত ইয়াসিন তাদের জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সে সাত বছর বয়সী এক শিশুর গলায় ছুরি ধরে তাকে চিৎকার করতে বারণ করে। তখন অন্য পাঁচ বছর বয়সী শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে ক্ষিপ্ত হয়ে বখাটে ইয়াসিন তার মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেয়।
ঘটনাটি জানাজানি হলে বুধবার (২২ জুলাই) স্থানীয় জনতা ইয়াসিনকে আটক করে গাছে বেঁধে রাখে এবং পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর স্বীকার করেছে যে, যৌন হয়রানির উদ্দেশ্যেই সে শিশুটির হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। শিশুটি নিজেকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইয়াসিন নিজের পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে তার মুখে ছ্যাঁকা দেয়।
ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় একটি শ্লীলতাহানির মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

