ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

এএফডির কান্ট্রি ডিরেক্টরের নেতৃত্বে ছাতকের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৯:৫২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সুনামগঞ্জের ছাতক পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছে। বুধবার (২২ জুলাই) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এএফডির অর্থায়নে বাস্তবায়নাধীন ইন্টিগ্রেটেড আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (আইইউজিআইপি)-এর অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে তারা এ সফর করেন।

প্রতিনিধি দলে ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, এলজিইডির আরবান ডেভেলপমেন্ট উইংয়ের যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশনের টিম লিডার অমিত দত্ত রায়, আইইউজিআইপি প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমদ এবং চুনারুঘাট পৌরসভার প্রশাসক গালিব চৌধুরী।

সকাল সাড়ে ১১টায় ছাতক পৌরসভা মিলনায়তনে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) বিশেষ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

সভায় সিনথিয়া মেলা, মোস্তফা মোর্শেদ, পরিমল সরকার, অমিত দত্ত রায় ও তোফায়েল আহমদ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং নগর সেবার মানোন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

পরে প্রতিনিধি দল পৌরসভার বৌলা এলাকায় এডিবি ও এএফডির অর্থায়নে বাস্তবায়িত এবং চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করা হয়।

পরিদর্শনকালে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপসহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং টিএলসিসির সদস্যরা উপস্থিত ছিলেন।