ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

‘জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৭:১০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

সংকট তৈরির অপচেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।

বুধবার (২২ জুলাই) বিকালে এক জরুরি ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি জানান, দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই। বর্তমানে দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রল, ২০ দিনের জেট ফুয়েল এবং ২৫ দিনের ফার্নেস অয়েল মজুদ রয়েছে।

মনির হোসেন জানান, জ্বালানির আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন এবং আগামী আগস্ট মাসে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসে পৌঁছাবে। ফলে জ্বালানি পণ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, দুই-একটা মিডিয়ায় কিছু নিউজ হয়েছে আমাদের জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে। প্রকৃত তথ্যটা আপনাদের জানানো দরকার। কারণ অনেক সময় এই গুজবটা আমাদের জন্য, সবার জন্যই খুবই পীড়াদায়ক হয়। মানুষের মধ্য একটা বিভ্রান্তি তৈরি হয়, সেটা যাতে না হয় আপনাদের মাধ্যমে যাতে সঠিক তথ্যটা জনগণ বুঝতে পারে, জানতে পারে—সে জন্যই আসলে আমাদের এখানে আজ উপস্থিত হওয়া। 

দেশে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে দৈনিক ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা সম্ভব হচ্ছে। এ ঘাটতি বেশ কিছুদিন ধরেই বিদ্যমান। অতীতে গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত জোর দেওয়া না হলেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন ক্ষেত্র অনুসন্ধানের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে।