ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

রূপগঞ্জে প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে নেটওয়ার্কিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) রূপগঞ্জ থানা কনফারেন্স রুমে বিশ্বখ্যাত উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের লোকাল রাইটস প্রোগ্রাম (এলআরপি-৫১) এ সভার আয়োজন করে। এতে পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার, গণমাধ্যম, মানবাধিকারকর্মী এবং চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় চনপাড়া পুনর্বাসন এলাকার সার্বিক উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা জোরদার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যম ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা বৃদ্ধি এবং প্রান্তিক মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

অ্যাকশনএইড বাংলাদেশের প্রতিনিধিরা বলেন, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, পুলিশ এবং গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। নিয়মিত এ ধরনের নেটওয়ার্কিং সভা পারস্পরিক আস্থা ও যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিরা শিশু সুরক্ষা, নারী ও কিশোরীদের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসচেতনতা বৃদ্ধিতে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে কিশোর গ্যাং প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সবার করণীয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সাংবাদিকদের পক্ষে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন জয় বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকরা কাজ করে যাবেন। পরে তিনি উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং নিরাপদ সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি উপস্থিতদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

সভার বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও রূপগঞ্জের সামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে প্রশাসন, গণমাধ্যম, স্থানীয় সরকার এবং মানবাধিকারভিত্তিক সংগঠনগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় ও নেটওয়ার্কিং কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।