বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রামের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই থেকে সারা দেশে একযোগে শুরু হবে।
বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ২১৬টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৪৭ হাজার ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ২৭ হাজার ৭৯৬ জন পুরুষ এবং ১৯ হাজার ২৩৮ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিবছরের মতো এবারও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাউবির ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

