ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বাংলাদেশ পুলিশের আরও ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ১৭ জন কর্মকর্তার নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। চিঠিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমোদন চাওয়া হয়েছে।

এই ১৭ জন কর্মকর্তা ২০০১ সালের ৩১ মে পুলিশ ক্যাডারে যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে ৩ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত ডিআইজি, একজন পুলিশ সুপার (এসপি) এবং একজন উপপুলিশ কমিশনার রয়েছেন।

তাদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে আওয়ামী লীগের প্রতি আনুগত্য, দলটির সঙ্গে পারিবারিক সম্পৃক্ততা ছাড়াও ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম ও ভোট কারসাজিতে জড়িত থাকার অভিযোগ, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নে ভূমিকা এবং দুর্নীতির অভিযোগ রয়েছে।

এর মধ্যে তিন নারী কর্মকর্তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে । ২০১৮ সালে ঢাকা সেনানিবাসের বাসভবন থেকে খালেদা জিয়াকে জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনাও এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।

এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে একটি প্রজ্ঞাপন আজ বৃহস্পতিবার বা আগামীকাল জারি হতে পারে।

ওই নথিতে কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়েছে। বেশির ভাগ কর্মকর্তাকেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক বা সুবিধাভোগী হিসেবে দেখানো হয়েছে।