রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রোগী ও তাদের স্বজনদের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের তেজগাঁও থানাধীন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে টহলরত প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ হাসান বিষয়টি লক্ষ্য করেন। তিনি দেখতে পান, এক ব্যক্তি রোগী ও স্বজনদের দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে প্লাটুন কমান্ডার সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। এ সময় দালাল চক্রের সদস্য মো. জহিরুল ইসলামকে (৩৯) হাতেনাতে আটক করা হয়।
পরে তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হাসপাতাল এলাকায় দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আর জড়াবেন না বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হাসপাতালের রোগী ও স্বজনদের দালাল চক্রের প্রতারণা, আর্থিক শোষণ ও হয়রানি থেকে রক্ষা করতে তাদের সদস্যরা নিয়মিত টহল, নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করছেন। এসব কার্যক্রমের মাধ্যমে হাসপাতালের সেবার পরিবেশ আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে তারা কাজ করে যাচ্ছেন।

