ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে দুমকিতে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে ছেলে মো. জিসানের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করে মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মো. লতিফ খান।

বুধবার (২২ জুলাই) বিকেলে দুমকি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ আল আমীন প্যাদা তার ছেলে আবির হোসেনকে ভিকটিম দেখিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।

লতিফ খানের দাবি, স্থানীয় থানায় অভিযোগ না দিয়ে সরাসরি ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলায় উল্লেখিত সাক্ষীরাও বাদীপক্ষের ঘনিষ্ঠজন। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মামলা তুলে নেওয়ার শর্তে তার কাছে এক লাখ টাকা দাবি করা হচ্ছে।

তিনি প্রশাসনের কাছে অভিযোগের নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে প্রশাসন ও বিচার বিভাগের সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে, মামলার বাদী আল আমীন প্যাদা লতিফ খানের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনাটি সত্য এবং এর প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ রয়েছে। থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করায় তিনি আদালতের শরণাপন্ন হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।