ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর ব্যক্তি করদাতাদের ই-রিটার্ন সেবা চালু করল এনবিআর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৬:০৮ পিএম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছবি : সংগৃহীত

করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে বুধবার (২২ জুলাই) থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৬-২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এক বিশেষ আদেশ জারির মাধ্যমে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার (Individual Taxpayers) জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে সিস্টেমটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিগত ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন।

রিটার্ন দাখিল নিয়ে ১৭ জুলাই ‘রূপালী বাংলাদেশ’ পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘অর্থবছর শুরু হলেও রিটার্ন দাখিল বন্ধ’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। যার পরিপ্রেক্ষিতে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করেছে এনবিআর।

করদাতাদের এই সাড়া প্রমাণ করে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে দেশের করদাতাদের মধ্যে ই-রিটার্ন দাখিলের আগ্রহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। করদাতারা এখন স্বাচ্ছন্দ্যে ঘরে বসেই তাদের বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন।

তবে ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি অথবা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

এ ছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য স্বাভাবিক ব্যক্তি করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd সিস্টেমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। পাশাপাশি সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন প্রস্তুতপূর্বক রিটার্ন জমা দিয়ে তাৎক্ষণিক প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদান করবেন।

২০২৬-২০২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) প্রণোদনা পাবেন।

সময়ের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না বরং ডিসেম্বরের পর দাখিল করা রিটার্নে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। তাই জাতীয় রাজস্ব বোর্ড যথাসময়ে রিটার্ন দাখিলের জন্য সম্মানিত করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে।