ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে বন্যাদুর্গতদের উদ্ধার ও ত্রাণে আনসার-ভিডিপি

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৬:১২ পিএম
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের উদ্ধার ও ত্রাণ সহায়তায় কাজ করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

বুধবার (২২ জুলাই) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে গৌরারং ইউনিয়নের হরিনগর, অমৃতশ্রী ও ইনাতনগর গ্রামের বন্যাদুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়।

কার্যক্রমে ইউনিয়ন দলনেতা আব্দুল হান্নান নিজ উদ্যোগে নৌকার মাধ্যমে পানিবন্দি অসহায় মানুষ ও তাদের প্রয়োজনীয় মালামাল নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেন। একই সঙ্গে তিনি ও তার দল দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা দেন।

এ অভিযানে ইউনিয়ন দলনেতা আব্দুল হান্নানের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন ভিডিপি সদস্য জাকির এবং ভিডিপি সদস্যা নিঝুম, আনোয়ারা ও নাজমা। তাদের সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আনসার-ভিডিপি সদস্যদের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, দুর্যোগের এ সময়ে উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং ত্রাণ সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনসেবায় তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।