ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাকার আরও ৫০ গুরুত্বপূর্ণ মোড়ে চালু হবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:২০ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ঢাকার নতুন করে অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব পয়েন্টে আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণসংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় সভাপতিত্ব করার সময় তিনি এ নির্দেশ দেন।

সভায় রাজধানীর যানজট পরিস্থিতি, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পরিবেশ দূষণ কমানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মতো হর্ন নিয়ন্ত্রণেও প্রযুক্তির ব্যবহার করা যায় কি না, তা নিয়েও আলোচনা করা হয়।

এ ছাড়া রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশের জন্য ক্ষতিকর বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।