ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দুর্গাপুরে নারীকে কোপানোর অভিযোগ চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত পূর্ববিরোধকে কেন্দ্র করে বিলকিস বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে।

রোববার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বিলকিস বেগম একই গ্রামের বাসিন্দা ও সাজ্জাদের স্ত্রী। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের সালাম (৬০) এবং তার দুই ছেলে আলমগীর (২৮) ও জাহাঙ্গীর (৩০) ধারালো হাসুয়া ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালান।

পরিবারের সদস্যদের দাবি, প্রায় পাঁচ শতাংশ পানবরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন বিলকিস বেগম পানবরজে কর্মরত শ্রমিকদের জন্য দুপুরের খাবার নিয়ে গেলে ওই বিরোধের জেরে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এ সময় হাসুয়া দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিবারের দাবি, চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই দিয়েছেন।

বিলকিস বেগম বলেন, তিনি শ্রমিকদের খাবার দিতে পানবরজে গেলে পূর্ববিরোধের জেরে তার ওপর হামলা চালানো হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আহতের ভাই লালচাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বোনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন।

আহতের ছেলে সাগর বলেন, তার মায়ের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন জানান, বিলকিস বেগম মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, বিষয়টি তার জানা নেই। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহতের পরিবার জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।