রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চারদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২২ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী চারদিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (২৪ জুলাই) দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
শনিবার (২৫ জুলাই) খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
রোববার (২৬ জুলাই) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারী বৃষ্টিপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নিচু এলাকা, পাহাড়ি অঞ্চল ও জলাবদ্ধতাপ্রবণ স্থানে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

