নরসিংদীর পলাশের ঘোড়াশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় মিনি ট্রাকের হেলপার আকাশ মিয়া (১৮) নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শেখ সাদি এলাকার লিটন মিয়ার ছেলে। তিনি টঙ্গীর হাজি মাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
দুর্ঘটনায় ছেলে নিহত হওয়ার খবর পেয়ে টঙ্গী থেকে ঘটনাস্থলে ছুটে আসেন তার মা আকলিমা বেগম। এ সময় তার আহাজারিতে চারপাশে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে টঙ্গী থেকে রায়পুরার উদ্দেশ্যে পণ্যবোঝাই একটি মিনি ট্রাক ছেড়ে আসে। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ট্রাকটি ঘোড়াশাল বাইপাস সড়কে পৌঁছে। এ সময় চালক ট্রাকটি থামিয়ে পাশের একটি দোকানে চা পান করছিলেন।
আর হেলপার আকাশ মিয়া ট্রাকের নিচে ডান পাশে দাঁড়িয়ে মালামাল ঠিকমতো বাঁধা আছে কি না তা দেখছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাণ আরএফএলের ভাড়ায় চালিত একটি কাভার্ড ভ্যান ওই মিনি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে দাঁড়িয়ে থাকা হেলপার আকাশ মিয়ার মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং কাভার্ড ভ্যানটি জব্দ করে।


