নাটোরের গুরুদাসপুরে ফর্ম ফিলাপের অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে একটি কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা তালা খুলে দেন।
রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফর্ম ফিলাপের জন্য তাদের কাছ থেকে নির্ধারিত টাকার চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে।
কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুল বাশার ও আরাফাত আহমেদ বলেন, একই বিষয়ের জন্য কারও কাছ থেকে বেশি আবার কারও কাছ থেকে কম টাকা নেওয়া হচ্ছে, যা বৈষম্যমূলক।
এ নিয়ে ক্ষোভ থেকে তারা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে প্রায় ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ বন্ধ করে শিক্ষার্থীরা তালা খুলে দেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিকেলে দেখা করতে বলেন এবং সংবাদ প্রকাশের প্রয়োজন নেই বলে উল্লেখ করে ফোন কেটে দেন।
গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


