ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

শিশু অপহরণের অভিযোগে যুবক আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৫:২৯ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়গামী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ঢুলটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিনথিয়া (৯) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা এলাকার আফজাল হোসেনের মেয়ে। সে স্থানীয় দুবলাচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত মো. আলামিন (৩৪) নাটোর জেলার লালপুর উপজেলার সাদিপুর এলাকার আব্দুল মজিদের ছেলে।

ভুক্তভোগী সিনথিয়া জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ব্যক্তি তাকে আটকিয়ে আদর করে মাঠের দিকে যেতে বলে। এতে সে দৌড়ে বিদ্যালয়ে গিয়ে বিষয়টি শিক্ষককে জানায়।

পরে শিক্ষককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি বিপরীত দিকে চলে যাচ্ছিলেন। এ সময় সিনথিয়ার এক আত্মীয় তাকে ধাওয়া করে আটক করেন।

সিনথিয়া আরও অভিযোগ করে, এর আগেও ওই ব্যক্তি তাকে দু’বার অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

সিনথিয়ার দাদা বাদশা বলেন, “আমার নাতনিকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে সে পালাতে পারেনি, তাকে আটক করা হয়েছে।”

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, আলামিন নামে এক যুবককে আটকের খবর পাওয়া গেছে। তবে ঘটনাটি অপহরণের চেষ্টা কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শিশুটির অভিভাবকদের থানায় ডাকা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।