ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

পাবনায় নকল দুধ তৈরির দায়ে এক ব্যক্তির জেল-জরিমানা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০২:৩১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির দায়ে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফারুক হোসেন (৪০), তিনি উপজেলা সদরের সিংগাড়ী গ্রামের মৃত আ. গফুর হোসেনের ছেলে।

জানা যায়, ফারুক দুগ্ধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে নকল দুধ তৈরি করে আসছিলেন।

শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ফারুকের বাড়িতে এ অভিযান চালান।

এ সময় নকল দুধ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত প্রায় ২০০ লিটার (বিষাক্ত কেমিক্যাল) জেলি জব্দ এবং তাকে আটক করা হয়। জব্দকৃত জেলির আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ফারুককে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। জব্দকৃত জেলি জনসম্মুখে ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, ফারুক দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে আসছিলেন এবং দেশের নামকরা বিভিন্ন সেলিং সেন্টারে এসব দুধ সরবরাহ করতেন।