ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৪১ পিএম
ছবি : সংগৃহীত

‎পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে প্রতিবেশী এক গৃহস্থের গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পিরোজপরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত রাইয়ান ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। শিশুটি স্থানীয় পশারিবুনীয়া আফছারিয়া নূরানী কিন্ডারগার্টেনে শিশুশ্রেণিতে পড়ালেখা করত। পরিবারের অভিযোগ প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যার পর লাশ খড়ের গাদায় লুকিয়ে রেখেছে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রিয়াদ মল্লিক (১৯), মো. মিজান মল্লিক (৪২), মো. সাইদুল ইসলাম (৩৬), মোসা. পারভীন বেগম (৩৫)।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার শিশু রাইয়ান সকলের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয়। খুঁজে না পেয়ে শিশুটির মা তন্নী আক্তার ভান্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে ভান্ডারিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল অনুসন্ধান চালিয়ে প্রতিবেশী এক গৃহস্থের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

‎পিরোজপরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী বলেন, আসামি রিয়াদ মল্লিককে জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম রাইয়ান মল্লিক কোথায় আছে তা জানে বলে জানান। পরবর্তীতে রিয়াদ মল্লিককে সঙ্গে নিয়ে ভান্ডারিয়া ওই এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াদ মল্লিক এর দেখানো মতে তাদের বসতঘরের সামনের গোয়ালঘরের মধ্য হতে খরকুটোর ভেতর বস্তাভর্তি অবস্থায় ভিকটিমের লাশ উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে তদন্ত অব্যাহত আছে।