ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

পুঠিয়ায় ফের মহাসড়কে ডাকাতি, ১৯ মহিষবোঝাই ট্রাক লুট

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি : সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এবার সিলেট থেকে রাজশাহীগামী ১৯টি মহিষবোঝাই একটি ট্রাক লুট করেছে সশস্ত্র ডাকাত দল। একই এলাকায় কয়েক মাস আগে গরুবোঝাই ছয়টি ট্রাক ডাকাতির শিকার হওয়ার পর ফের একই ধরনের ঘটনায় মহাসড়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত প্রায় ৩টা ২০ মিনিটে উপজেলার তারাপুর ও মাইপাড়া বাজারের মাঝামাঝি নির্জন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের সাতজন ব্যবসায়ী যৌথভাবে সিলেট থেকে ১৯টি মহিষ কিনে ট্রাকযোগে রাজশাহীর সিটি হাটে নিয়ে আসছিলেন। পথে তারাপুর বাজার অতিক্রম করার পর একটি ড্রাম ট্রাক দিয়ে তাদের গতিরোধ করে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল।

অভিযোগ অনুযায়ী, ডাকাতরা ট্রাকের চালক, হেলপারসহ চারজনকে মারধর করে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে জিম্মি করে। পরে তাদের সিরাজগঞ্জের কাচিকাটা টোলপ্লাজার আগে একটি পাটক্ষেতে ফেলে রেখে মহিষবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

বুধবার (১ জুলাই) সকালে মুক্ত হয়ে ভুক্তভোগীরা পুঠিয়া থানায় এসে মামলা দায়েরের উদ্যোগ নেন। এ ঘটনার পর ব্যবসায়ী ও পশুবাহী ট্রাকচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডাকাতির শিকার ট্রাকের চালক রিয়াজউদ্দিন বলেন, তারাপুর বাজার পার হওয়ার পরই একটি ড্রাম ট্রাক আমাদের সামনে এসে দাঁড়ায়। এরপর কয়েকজন এসে আমাদের মারধর করে, মুখে টেপ লাগিয়ে তুলে নিয়ে যায়। পরে কাচিকাটা এলাকায় একটি পাটক্ষেতে ফেলে রেখে ট্রাক নিয়ে চলে যায়।

স্থানীয়দের অভিযোগ, পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই চুরি, ছিনতাই, মাদক কারবারসহ নানা অপরাধ বেড়ে চলেছে। মহাসড়কে ধারাবাহিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা আমাদের কাছে এসে মহিষ লুণ্ঠনের অভিযোগ করেছেন। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

একই এলাকায় পরপর পশুবাহী ট্রাক লুটের ঘটনায় মহাসড়কের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা।