ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে উঠবে : ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি : সংগৃহীত

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, দুষ্টের দমন করে আগামী দিনে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তোলা হবে। এ নগরী ভালো মানুষের জন্য আরও বসবাস উপযোগী করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ৩৪ বছর আগে গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তিনি আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

উদ্বোধনী আলোচনা শেষে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরএমপির পক্ষ থেকে জানানো হয়, ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।