উচ্চ ফলনশীল তিলের জাত বিনাতিল-২ এর প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এ মাঠ দিবসের আয়োজন করে। অনুষ্ঠানে সহযোগিতা করে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রিহ্যাবিলিটেশন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ওঙ্কার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ, উদ্যানতত্ত্ববিদ আব্দুল্লাহ আল মাসুম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা। অনুষ্ঠানে কৃষক মো. আব্দুল কাদেরও বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ওঙ্কার বিশ্বাস বলেন, বিনাতিল-২ একটি উচ্চ ফলনশীল ও ঔষধিগুণসম্পন্ন তৈলবীজ ফসল। এর তেলে ক্যান্সার, হৃদরোগ ও চর্মরোগ প্রতিরোধে সহায়ক বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে। প্রতি হেক্টরে এ জাতের তিল থেকে সর্বোচ্চ ১ হাজার ৮০০ কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।
বক্তারা বলেন, বিনাতিল-২ এর চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকরা অধিক লাভবান হবেন। একই সঙ্গে দেশীয় ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভরতা কমানো এবং কৃষকদের আর্থিক সমৃদ্ধি অর্জনে এ জাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য তারা কৃষকদের তিলের আবাদ বাড়ানোর আহ্বান জানান।
মাঠ দিবসে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নুরসহ এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

