বাংলাদেশ ও মরক্কোর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক খাত, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রতিনিধিরা।
বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কারদুদি এল কৌলালি। সাক্ষাতে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও মরক্কোর বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ওষুধশিল্প, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক অর্থনীতি, জাহাজ নির্মাণ এবং দক্ষ জনশক্তি উন্নয়নের মতো সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মরক্কোর রাষ্ট্রদূত বলেন, আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের জন্য মরক্কো একটি কৌশলগত কেন্দ্র। এই সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বিশেষ করে তৈরি পোশাক, ওষুধশিল্প এবং সামুদ্রিক খাতে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি নিয়োগসহ সব ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে মরক্কোর আগ্রহের কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপ ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাংলাদেশ ও মরক্কোর অংশীদারিত্বকে আরও গভীর ও বহুমাত্রিক করে তুলবে।

