ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

সাত মাস পর ফের আগের পোশাকে ফিরল পুলিশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

সাত মাস আগেই পুলিশের পোশাকে পরিবর্তন আনা হয়েছিল, যা ছিল পুলিশ সংস্কারের অংশ। তবে পরিবর্তনের সাত মাস পর আবারও আগের পোশাকে ফিরেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) রাজধানীর পূর্বাচলে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের খাকি প্যান্ট এবং গাঢ় নীল ও ‘হালকা অলিভ’ রঙের শার্ট পরা অবস্থায় দেখা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, বুধবার থেকে নতুন পোশাক পরে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

তিনি আরও বলেন, এখনো সব পুলিশ সদস্য এই পোশাক পাননি। আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যেই সবাই নতুন পোশাক পেয়ে যাবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের অভ্যুত্থানের পর ক্ষমতার পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। পরে বিএনপি সরকার গঠনের পর সেই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায়।

গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর প্রজ্ঞাপন জারি করে পোশাকের রঙ পরিবর্তনের বিষয়টি জানায়। এর মাধ্যমে ২০২৫ সালের নভেম্বরের আগের পোশাকে ফিরে যায় পুলিশ বাহিনী।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা ও অন্যান্য ইউনিটের পুলিশের শার্ট হবে গাঢ় নীল রঙের। মেট্রোপলিটন পুলিশের জন্য থাকবে হালকা অলিভ (জলপাই) রঙের শার্ট, এবং সব পুলিশের প্যান্ট হবে খাকি রঙের।

তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব এই পোশাক পরিবর্তনের আওতামুক্ত থাকবে। তাদের পোশাকে কোনো পরিবর্তন আনা হয়নি।

এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় ২২ বছর পর পুলিশের পোশাকে আবারও খাকি রঙের প্রত্যাবর্তন ঘটল।