ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

৪ ফাইন্যান্স কোম্পানিকে পুনর্গঠন করতে ৩ মাস সময় দিল বাংলাদেশ ব্যাংক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৯:২০ পিএম
ছবি : সংগৃহীত

অকার্যকর অবস্থায় থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানকে পুনর্গঠন এবং আমানতকারীদের অর্থ পরিশোধে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তের কথা জানায়।

তিন মাস সময় পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডারদের মাধ্যমে নতুন মূলধন সংগ্রহ এবং প্রয়োজনীয় তারল্যের সংস্থান করতে হবে।

এ ছাড়া নিজস্ব সম্পদ ও সম্পত্তি বিক্রি, বকেয়া ঋণ আদায় এবং খেলাপি ঋণ পুনঃতফসিল বা সমঝোতার (সেটেলমেন্ট) মাধ্যমে শ্রেণিকৃত ঋণের হার নির্ধারিত মাত্রায় নামিয়ে এনে সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের আমানত পরিশোধ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলো যদি আরোপিত শর্তগুলোর যেকোনো একটি বা একাধিক শর্ত পূরণে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগ অবিলম্বে প্রয়োজনীয় রেজল্যুশন কার্যক্রম শুরু করবে।