ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা : উমামা ফাতেমা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১০:০৫ পিএম
ছবি : সংগৃহীত

‘এক মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার এমন একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে উমামা ফাতেমা লেখেন, ‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিক আছে?’

এরপর তিনি আরও লেখেন, ‘এক মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেটপ্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে। লেটস সে— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।’

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন রাখেন, ‘কেমন লাগল আইডিয়াটা?’

 

পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ পোস্টটিকে ব্যঙ্গাত্মক বা রসাত্মক মন্তব্য হিসেবে দেখছেন। অন্যদিকে, অনেকেই বিষয়টিকে ঘিরে সমালোচনামূলক মন্তব্য করছেন এবং বিভিন্ন প্রশ্ন তুলছেন।

তবে পোস্টটি নিয়ে উমামা ফাতেমা পরবর্তী সময়ে কোনো ব্যাখ্যা বা আনুষ্ঠানিক মন্তব্য দিয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।